জরুরি ঋণে আইএমএফের দ্বারস্থ বাংলাদেশ

দেশ এডিশন ডেস্ক:
প্রকাশ: ২ ঘন্টা আগে

বাংলাদেশ বৈশ্বিক অর্থনৈতিক চাপ মোকাবিলায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে জরুরি আর্থিক সহায়তা চেয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও জ্বালানি বাজারের অস্থিরতার প্রভাবে দেশের অর্থনীতিতে সম্ভাব্য চাপ সামাল দিতে নতুন সহায়তা প্যাকেজ নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে।

অর্থনৈতিক সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি ও বৈদেশিক লেনদেনের চাপ মোকাবিলায় বাংলাদেশ অতিরিক্ত অর্থায়নের পথ খুঁজছে। এ লক্ষ্যে আইএমএফের জরুরি সহায়তা তহবিলের আওতায় অর্থ পাওয়ার বিষয়েও আলোচনা হচ্ছে।

বাংলাদেশে আইএমএফের প্রতিনিধি ইভো ক্রজনার জানিয়েছেন, দেশের চলমান অর্থনৈতিক সংস্কার, নীতিগত অগ্রাধিকার এবং সম্ভাব্য সহায়তা নিয়ে সরকারের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে।

আইএমএফের র‍্যাপিড ফাইন্যান্সিং ইনস্ট্রুমেন্ট (আরএফআই) সাধারণত বৈশ্বিক সংকট, প্রাকৃতিক দুর্যোগ, মহামারি কিংবা আকস্মিক অর্থনৈতিক ধাক্কার সময় সদস্য দেশগুলোকে দ্রুত সহায়তা দেওয়ার জন্য ব্যবহৃত হয়। এই ব্যবস্থায় তুলনামূলক দ্রুত সময়ে অর্থ ছাড়ের সুযোগ থাকে।

এর আগে করোনা মহামারির সময়ও বাংলাদেশ আইএমএফের বিভিন্ন তহবিল থেকে জরুরি সহায়তা পেয়েছিল। সেই অর্থ স্বাস্থ্য খাত, সামাজিক সুরক্ষা কর্মসূচি এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে ব্যয় করা হয়।

বর্তমানে আইএমএফের সঙ্গে বাংলাদেশের চলমান ঋণ কর্মসূচির আওতায় কয়েক দফায় অর্থ ছাড় হয়েছে। তবে পরবর্তী কিস্তির অর্থ ছাড় নিয়ে আলোচনা এখনও চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

error: Content is protected !!