বিশ্বের প্রথম ট্রিলিওনিয়ার (১ লক্ষ কোটি মার্কিন ডলারের মালিক) হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন প্রযুক্তি খাতের শীর্ষ ধনী ও টেসলা-স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক। আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ‘ইনফরমা কানেক্ট একাডেমি’র সাম্প্রতিক এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনের পূর্বাভাস অনুযায়ী, বর্তমানে ইলন মাস্কের সম্পদের বার্ষিক গড় বৃদ্ধির হার প্রায় ১১০ শতাংশ। এই ধারাবাহিকতা বজায় থাকলে আগামী ২০২৭ সালের মধ্যেই তিনি বিশ্বের প্রথম ট্রিলিওনিয়ার হিসেবে ইতিহাসে নাম লেখাতে পারেন।
বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় শীর্ষস্থানে থাকা মাস্কের মোট সম্পদের পরিমাণ প্রায় ২৫১ বিলিয়ন মার্কিন ডলার। তবে ট্রিলিওনিয়ার হওয়ার এই দৌড়ে মাস্ক একাই নন; তার পেছনেই রয়েছেন ভারতীয় ব্যবসায়ী গৌতম আদানি এবং এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াং, যারা ২০২৮ সালের মধ্যে এই মাইলফলক স্পর্শ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।