তিন মাসে কোটিপতি হিসাব বেড়েছে আড়াই হাজার

অর্থনীতি প্রতিবেদক (দেশ এডিশন):
প্রকাশ: ১ ঘন্টা আগে

দেশের ব্যাংকিং খাতে বড় অঙ্কের আমানতকারী বা কোটি টাকার বেশি স্থিতি থাকা গ্রাহকদের হিসাব সংখ্যায় উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত বছরের ডিসেম্বরের তুলনায় চলতি বছরের মার্চ শেষে কোটিপতি আমানতকারীদের হিসাব সংখ্যা বেড়েছে ২ হাজার ৪৪১টি।

গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংক খাতে এই ধরণের আমানতকারীর হিসাব সংখ্যা ছিল ১ লাখ ৩৪ হাজার ৪৪টি। চলতি বছরের মার্চ প্রান্তিক শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩৬ হাজার ৪৮৫ জনে। সোমবার (১৬ জুন) প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের এক ত্রৈমাসিক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, কোটিপতি আমানতকারীর এই হিসাবের মধ্যে যেমন বিভিন্ন প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্ট রয়েছে, তেমনই রয়েছে ব্যক্তিগত হিসাবও। আবার একই ব্যক্তির নামে একাধিক ব্যাংকে কোটি টাকার বেশি হিসাবও থাকতে পারে। তবে বাংলাদেশ ব্যাংক প্রতিটি হিসাবকে আলাদা একক হিসেবেই গণনা করে থাকে।

প্রতিবেদনে দেখা যায়, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ— এই তিন মাসে ব্যাংক খাতে সার্বিক আমানত প্রবাহ বেড়েছে ২ দশমিক ৭৪ শতাংশ। এর আগের প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) এই বৃদ্ধির হার ছিল ৩ দশমিক ৪২ শতাংশ। অর্থাৎ, আগের প্রান্তিকের চেয়ে এই প্রান্তিকে আমানত জমার গতি কিছুটা ধীর হলেও এক বছর আগের (জানুয়ারি-মার্চ) তুলনায় তা বেশি। গত বছরের একই প্রান্তিকে আমানত প্রবৃদ্ধির হার ছিল ২ দশমিক ১১ শতাংশ।

আমানতের সার্বিক প্রবৃদ্ধির হারের পাশাপাশি বিভিন্ন উপখাতে কোটিপতি আমানতকারীদের সংখ্যার হ্রাস-বৃদ্ধির একটি তুলনামূলক চিত্র উঠে এসেছে প্রতিবেদনে:

১ থেকে ৫ কোটি টাকা: এই স্থিতি সম্পন্ন হিসাব গত ডিসেম্বরের ১ লাখ ৬ হাজার ৪৯৪টি থেকে বেড়ে মার্চে দাঁড়িয়েছে ১ লাখ ৯ হাজার ৫০টিতে।
৫ থেকে ১০ কোটি টাকা: এই ক্যাটাগরিতে হিসাব সংখ্যা ১৪ হাজার ৮৫২টি থেকে কিছুটা কমে হয়েছে ১৪ হাজার ৩১৫টি।
১০ থেকে ১৫ কোটি টাকা: এই আমানতকারীর হিসাব ৪ হাজার ৭৯৮টি থেকে বেড়ে ৪ হাজার ৮৩৪টি হয়েছে।
১৫ থেকে ৫০ কোটি টাকা: ১৫ থেকে ২০ কোটি, ২০ থেকে ২৫ কোটি, ২৫ থেকে ৩০ কোটি এবং ৪০ থেকে ৫০ কোটি টাকার ক্যাটাগরিগুলোতে হিসাব সংখ্যা আগের প্রান্তিকের চেয়ে সামান্য কমেছে।
৫০ কোটি টাকার বেশি: এই সর্বোচ্চ ক্যাটাগরিতে আমানত জমার পরিমাণ এবং হিসাব সংখ্যা দুটিই বেড়েছে। ডিসেম্বরের ১ হাজার ৯৯৭টি হিসাব থেকে বেড়ে মার্চে তা দাঁড়িয়েছে ২ হাজার ৭৪টিতে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, যেসব হিসাবে ৫০ কোটি টাকার বেশি জমা রয়েছে, তাদের মোট আমানতের পরিমাণ পুরো ব্যাংক খাতের মোট আমানতের ১২ দশমিক ২২ শতাংশ, যা একক উপখাত হিসেবে সর্বোচ্চ। এর পরেই শক্ত অবস্থানে রয়েছে ৫ লাখ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত জমা রাখা সাধারণ ও মধ্যবিত্ত আমানতকারীদের অ্যাকাউন্ট। মোট ব্যাংক আমানতে তাদের অবদানের হার ১২ দশমিক ৭৩ শতাংশ।

error: Content is protected !!