ত্রিশালজুড়ে অপেক্ষা, আসছেন তারেক রহমান

আবু সাইদ, ত্রিশাল:
প্রকাশ: ২ ঘন্টা আগে

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তীর মূল অনুষ্ঠানে অংশ নিতে আগামীকাল শনিবার (২৩ মে) ময়মনসিংহের ত্রিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সফরকালে তিনি ত্রিশালের নজরুল একাডেমিতে আয়োজিত জন্মজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করবেন। পাশাপাশি কানহর এলাকায় ধরার খালের পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধনও করবেন বলে জানা গেছে।

এছাড়া সফরের অংশ হিসেবে কানহর এলাকায় আয়োজিত এক সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ত্রিশালজুড়ে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নজরুল একাডেমি মাঠ, কানহর বাজারসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

স্থানীয়দের মধ্যে সফরকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা, সাজসজ্জা ও সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

error: Content is protected !!