সরকারের রাজস্ব আদায় বৃদ্ধি এবং জনস্বাস্থ্যের ঝুঁকি কমানোর লক্ষ্যে প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে তামাকজাত পণ্যের ওপর সম্পূরক শুল্ক ও সর্বনিম্ন খুচরা মূল্য উল্লেখযোগ্য হারে বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। একই সাথে ভ্যাটের (VAT) আওতা সম্প্রসারণ এবং কর ব্যবস্থাকে আরও আধুনিক করতে ব্যবসায়িক ব্যাংক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে নতুন নিয়ম যুক্ত করার পরিকল্পনা নিয়েছে সরকার।
আজ বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এই নতুন প্রস্তাবনাগুলো তুলে ধরেন।
তামাকজাত পণ্যের মূল্য ও শুল্ক বৃদ্ধি
বাজেট প্রস্তাবনা অনুযায়ী, সিগারেটের সর্বনিম্ন স্তরের প্রতি ১০ শলাকার মূল্য ৬২ টাকা এবং অতি উচ্চ স্তরের মূল্য ২১০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। এর ফলে বাজারে সব ধরনের সিগারেটের দাম বৃদ্ধি পাবে। ধূমপান ও তামাকের ব্যবহার নিরুৎসাহিত করতে প্রথাগত সিগারেটের পাশাপাশি আধুনিক তামাকজাত পণ্যের ওপরও কর বাড়ানো হয়েছে। এর অংশ হিসেবে নিকোটিন পাউচের ওপর ৪০ শতাংশ এবং হিটেড টোব্যাকোর ওপর ৬৭ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব আনা হয়েছে।