নাগরিক সেবায় এআই ব্যবহারে বিশেষ বরাদ্দ

প্রযুক্তি ও অর্থনীতি প্রতিবেদক (দেশ এডিশন):
প্রকাশ: ৫ ঘন্টা আগে

দেশের উন্নয়ন ও আধুনিকায়নকে বেগবান করতে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নাগরিক সেবাকে আরও জনবান্ধব করতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তথ্যপ্রযুক্তি, এআই এবং স্টার্টআপ খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে ৫০০ কোটি টাকা বরাদ্দের নতুন প্রস্তাব ঘোষণা করেছেন।

সরকার কৃত্রিম বুদ্ধিমত্তাকে দেশের ভবিষ্যৎ অগ্রগতির অন্যতম চালিকাশক্তি এবং বড় সুযোগ হিসেবে দেখছে উল্লেখ করে অর্থমন্ত্রী জানান, এই বিশেষ বরাদ্দ তরুণ ও নারী উদ্যোক্তা তৈরি এবং উদ্ভাবনী সক্ষমতা বৃদ্ধিতে ব্যবহার করা হবে।

নাগরিক সেবা ও স্মার্ট সিটি বিনির্মাণ
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, এআই প্রযুক্তি ব্যবহার করে দেশের সেবা প্রদান ব্যবস্থাকে আরও দ্রুত, স্বচ্ছ ও কার্যকর করাই এই পরিকল্পনার মূল লক্ষ্য। সরকারি প্রশাসনিক কার্যক্রমে ডেটা ও এআই-নির্ভর আধুনিক ব্যবস্থা যুক্ত করার মাধ্যমে প্রাতিষ্ঠানিক দক্ষতা ও জবাবদিহিতা বৃদ্ধি করা হবে। একই সাথে, এআই প্রযুক্তিকে কাজে লাগিয়ে নাগরিকবান্ধব ‘স্মার্ট সিটি’ গড়ে তোলা এবং সরকারি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে গতিশীল করতে ‘এআই ড্রাইভেন ডেটা সেন্টার’ ব্যবহারের বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

শিক্ষা ব্যবস্থায় এআই ও তরুণদের কর্মসংস্থান

ভবিষ্যৎ বৈশ্বিক কর্মক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণ প্রজন্মকে দক্ষ করে গড়ে তুলতে দেশের শিক্ষাব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অন্তর্ভুক্ত করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। নতুন বাজেটের এই কর্মকৌশল অনুযায়ী, তরুণদের মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে দেশে বড় পরিসরে ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন এবং এআই-ভিত্তিক নতুন উদ্যোক্তা তৈরি করা হবে।

৫০০ কোটি টাকার ‘স্টার্ট-আপ তহবিল’
তথ্যপ্রযুক্তি খাতের বিপুল সম্ভাবনাকে কাজে লাগিয়ে নতুন নতুন উদ্ভাবনকে উৎসাহিত করতে বাজেটে যে ৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, তা মূলত একটি বিশেষ ‘স্টার্ট-আপ তহবিল’ হিসেবে পরিচালিত হবে। এই তহবিল থেকে নতুন প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা তৈরির পাশাপাশি নারীদের কর্মসংস্থান ও নারী উদ্যোক্তা বিকাশে বিশেষ আর্থিক সহায়তা ও সুবিধা প্রদান করা হবে।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী আশাবাদ ব্যক্ত করে বলেন, এই সময়োপযোগী পদক্ষেপগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশ একটি উদ্ভাবননির্ভর, প্রযুক্তি-সমৃদ্ধ, আধুনিক ও আত্মনির্ভরশীল রাষ্ট্র হিসেবে রূপান্তরের পথে অনেকখানি এগিয়ে যাবে। উল্লেখ্য, ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত এই জাতীয় বাজেটের মোট আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা।

error: Content is protected !!