নলডাঙ্গায় বিপুল পরিমাণ অননুমোদিত ওষুধ জব্দ

সিরাজুল ইসলাম :
প্রকাশ: ৩ minutes ago

নাটোরের নলডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেয়াদোত্তীর্ণ, ভেজাল ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অবৈধ ওষুধ সংরক্ষণ ও বিক্রির দায়ে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদালত আদেশ প্রদান করেছেন। আজ ১৪ জুন রবিবার বেলা ২টায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
​আটক ও দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন— নাটোর সদর উপজেলার হাজরা এলাকার মৃত ফয়েজ উদ্দিন সরদারের ছেলে ফজল সরদার (৪৮)।

​সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রবিবার দুপুরে নলডাঙ্গা এলাকায় এক ভ্রাম্যমাণ ওষুধ বিক্রেতার গতিবিধি সন্দেহজনক হলে তাকে তল্লাশি করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ, ভেজাল ও স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ নিষিদ্ধ ওষুধ পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার ও ওষুধ সংক্রান্ত প্রচলিত আইন লঙ্ঘনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাৎক্ষণিকভাবে ওই জরিমানা আরোপ করা হয়।

​অভিযানের পর প্রশাসনের উপস্থিতিতে জব্দকৃত আনুমানিক প্রায় লক্ষাধিক টাকা মূল্যের ভেজাল ও অবৈধ ওষুধ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

​অভিযান প্রসঙ্গে নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জুনায়েদ আহমেদ লেলিন বলেন, “জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর, নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির বিরুদ্ধে আমাদের এ ধরনের আইনি পদক্ষেপ ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।” একই সাথে তিনি উপজেলার সকল ওষুধ ব্যবসায়ীদের বৈধ উপায়ে এবং নির্ধারিত মেয়াদের সঠিক ওষুধ বিক্রির জন্য বিশেষভাবে আহ্বান জানান।
​অভিযান পরিচালনাকারী কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিকুর রহমান অভিযুক্তকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের জেল প্রদানের আদেশ নিশ্চিত করে বলেন, “সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি এড়াতে এবং বাজারে শৃঙ্খলা ফেরাতে আমাদের এই ধরনের তদারকি ও অভিযান চলমান থাকবে।”

​উক্ত অভিযানে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ এবং ওষুধ প্রশাসন সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

error: Content is protected !!