টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় অনুমোদন ছাড়া মাটি কাটা ও পরিবহনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় মাটি পরিবহনে ব্যবহৃত তিনটি ট্রাফিক ট্রাক আটক করা হয়।
বুধবার (১৩ মে) দুপুরে উপজেলার পাকুটিয়া ইউনিয়নের মানরা মৌজার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক।
প্রশাসন সূত্রে জানা যায়, কৃষিজমি থেকে অনুমতি ছাড়া মাটি কেটে ট্রাকযোগে বিভিন্ন স্থানে পরিবহন করা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। অভিযানের সময় মাটি পরিবহনের কাজে ব্যবহৃত তিনটি ট্রাক জব্দ করা হয় এবং সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষিজমি সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধভাবে মাটি কাটা ও পরিবহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের দাবি, কৃষিজমি ও স্থানীয় পরিবেশ রক্ষায় এ ধরনের তদারকি আরও জোরদার করা প্রয়োজন।