পহেলা বৈশাখ উপলক্ষে ঐতিহ্যবাহী বৈশাখী শোভাযাত্রা শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর চারুকলা অনুষদের সামনে থেকে। মঙ্গলবার সকাল ৯টার পর শুরু হওয়া এ শোভাযাত্রায় শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষের ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
এবারের শোভাযাত্রার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান”। প্রতিপাদ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে শোভাযাত্রায় নানা প্রতীকী মোটিফ উপস্থাপন করা হয়, যা বাঙালি সংস্কৃতি, ঐক্য ও ইতিবাচক পরিবর্তনের বার্তা বহন করে।
শোভাযাত্রার প্রধান আকর্ষণ হিসেবে স্থান পায় পাঁচটি বিশেষ মোটিফ— মোরগ, হাতি, পায়রা, দোতারা ও ঘোড়া। প্রতিটি প্রতীকই আলাদা তাৎপর্য প্রকাশ করে। এর পাশাপাশি মাছ, বাঘ, হরিণশাবক, ছাগল ও ছাগশিশু, কাকাতুয়া এবং ময়ূরের প্রতিরূপও শোভাযাত্রায় যুক্ত করা হয়, যা বৈচিত্র্য ও প্রাণবন্ততার আবহ তৈরি করে।
নববর্ষ উদযাপন উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারা দেশে নেওয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি। দিনটি উপলক্ষে সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে।
বাংলা নববর্ষ বাঙালি জাতির হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক হিসেবে প্রতি বছর নতুন প্রত্যাশা ও উদ্দীপনার বার্তা নিয়ে আসে।