গাজীপুরে দুর্যোগ গবেষণা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার দুপুরে গাজীপুরের ধরপাড়া এলাকার সাতাইশ চৌরাস্তায় আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কার্যক্রম উদ্বোধন করেন।
অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন, সচিব সাইদুর রহমান খানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভিত্তিপ্রস্তর স্থাপনের পর প্রধানমন্ত্রী ইনস্টিটিউট প্রাঙ্গণের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন এবং একটি স্মারক বৃক্ষরোপণ করেন।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, প্রায় ৮ একর জমির ওপর নির্মিতব্য এ ইনস্টিটিউটে প্রশাসনিক ভবন, গবেষণা ও প্রশিক্ষণ সুবিধা এবং প্রশিক্ষণার্থীদের জন্য আবাসিক ভবন থাকবে। ভবিষ্যতে এটি দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ দুর্যোগ গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।