পুলিশ সুপার কাপ ফুটবলে হাজরাপুর ইউনিয়নের জয়

মো: সাজ্জাদ হোসেন, মাগুরা:
প্রকাশ: ১ ঘন্টা আগে

মাগুরায় অনুষ্ঠিত পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল টুর্নামেন্টে মাগুরা জেলা পুলিশ একাদশকে ৩-১ গোলে পরাজিত করেছে হাজরাপুর ইউনিয়ন ফুটবল একাদশ। শনিবার বিকেলে রাউতড়া স্কুল মাঠে অনুষ্ঠিত এই প্রাণবন্ত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ও উপভোগ্য ফুটবল উপহার দেন দুই দলের খেলোয়াড়রা।

খেলার প্রথমার্ধে হাজরাপুর ইউনিয়ন ফুটবল একাদশ দুটি গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয়। এরপর মাগুরা জেলা পুলিশ একাদশ একটি গোল শোধ করলে ২-১ ব্যবধানে বিরতিতে যায় দুই দল।

বিরতির পর দ্বিতীয়ার্ধের শুরুতেই আরও একটি গোল করে ব্যবধান ৩-১ এ উন্নীত করে হাজরাপুর ইউনিয়ন। এরপর উভয় দল বেশ কয়েকটি আক্রমণ চালালেও রক্ষণভাগের দৃঢ়তায় আর কোনো গোল হয়নি। ফলে নির্ধারিত সময় শেষে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে হাজরাপুর ইউনিয়ন ফুটবল একাদশ।

আয়োজকরা জানান, এলাকার বিভিন্ন সামাজিক দ্বন্দ্ব-সংঘাত নিরসন, পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি এবং যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে ইতিবাচক ধারায় সম্পৃক্ত করতেই এই ব্যতিক্রমী প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন মাগুরার পুলিশ সুপার মোল্যা আজাদ। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী দর্শক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মাঠে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।

error: Content is protected !!