আন্তর্জাতিক ফুটবলের মেগা আসরে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সাধারণত দলের কৌশল, ফরমেশন এবং প্রতিপক্ষকে নিয়ে নানা চুলচেরা বিশ্লেষণ করা হয়। তবে এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলার অপেক্ষায় থাকা ইরান দল পড়ল সম্পূর্ণ অদ্ভুত ও নজিরবিহীন এক পরিস্থিতিতে। নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগের অফিশিয়াল সংবাদ সম্মেলনে ইরান কোচ আমির গালেনোই কিংবা ফুটবলারদের খেলাধুলা নিয়ে একটি প্রশ্নও করা হয়নি। পুরো সময়জুড়ে ধেয়ে এসেছে মাঠের বাইরের নানা প্রাসঙ্গিক ও অপ্রাসঙ্গিক বিষয়।
চলতি আসরে এটিকে অন্যতম আলোচিত সংবাদ সম্মেলন হিসেবে বিবেচনা করা হচ্ছিল। সাম্প্রতিক আন্তর্জাতিক নানা জটিলতা, ভিসা প্রাপ্তির সমস্যা, বেস ক্যাম্প ও ভেন্যু পরিবর্তনের মতো বিষয়গুলোর কারণে ইরান ফুটবল দলকে ঘিরে নানা আলোচনা চলছিল। ম্যাচ শুরুর মাত্র একদিন আগে মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে পা রেখেছে ইরানের ফুটবল দল।
প্রথম সংবাদ সম্মেলনে মাঠের বাইরের নানা প্রসঙ্গ আসাটা স্বাভাবিক মনে হলেও, পুরোটা সময় জুড়ে যে ফুটবল নিয়ে কোনো কথাই হবে না, তা ছিল সবার কল্পনার বাইরে। তবে ইরান কোচ আমির গালেনোই অত্যন্ত পেশাদারিত্বের সাথে সমস্ত বিতর্কিত বিষয় এড়িয়ে গিয়ে বলেন, ‘আমরা এখানে শুধুমাত্র ফুটবল খেলতে এসেছি। মাঠের ভেতরে এবং বাইরে থাকা আমাদের দেশের সর্বস্তরের মানুষের প্রতিনিধিত্ব করা আমাদের একমাত্র কাজ। আমরা রাজনীতির মানুষ নই।’
লস অ্যাঞ্জেলেসে ইরানের ম্যাচের ভেন্যু সোফি স্টেডিয়ামের বাইরে কিছু প্রবাসী গোষ্ঠীর বিভিন্ন কর্মসূচি নেওয়ার গুঞ্জন প্রসঙ্গে কোচ আরও যোগ করেন, ‘একটি জাতি হিসেবে আমরা প্রতিটি ইরানিকে সমানভাবে সম্মান করি।’
দলের তারকা ফরোয়ার্ড মেহেদি তারেমি কোচের সুর মিলিয়ে সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা এখানে ফুটবলার হিসেবে এসেছি, আর ফুটবল সব সময় সব পক্ষকে ঐক্যবদ্ধ করতে পারে। বহু বছর ধরে ইরান একটি ঐতিহ্যবাহী ও ঐক্যবদ্ধ জাতি। আমরা সেই ইতিবাচক রূপটাই বিশ্বের সামনে দেখাতে চাই। বিশ্বকাপে আমাদের মূল লক্ষ্য হলো বিশ্বের যেখানেই আমাদের দেশের মানুষ থাকুক না কেন, তাদের মনে আনন্দ দেওয়া।’
একই সাথে সাংবাদিকদের কিছুটা খোঁচা মেরে তারেমি বলেন, ‘অবাক করার মতো বিষয় হলো, কেউই আমাদের ফুটবল বা ম্যাচ নিয়ে কোনো প্রশ্ন করলেন না। আমরা নিউজিল্যান্ডের মতো দারুণ একটি শক্তিশালী দলের বিপক্ষে খেলতে নামছি। আমি আশা করি এটি একটি চমৎকার ও উপভোগ্য ম্যাচ হবে।’
বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের অবস্থান শক্ত করতে মুখিয়ে থাকা ইরান দল বাংলাদেশ সময় আগামী কাল সকাল ৭টায় নিউজিল্যান্ডের মুখোমুখি হবে।