পঞ্চগড়ে বজ্রপাতে প্রাণ গেল যুবকের

মোঃ রাকিব হাসান | বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশ: ৪ minutes ago

পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের জগদল পূর্ব বানিয়াপাড়া এলাকায় বজ্রপাতে মো. শাহাদাত আলী (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যা প্রায় ৬টার দিকে এ ঘটনা ঘটে। শাহাদাত আলী ওই এলাকার মোহাম্মদ কেরামত আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে নিজ এলাকার কৃষিজমিতে কাজ করছিলেন শাহাদাত আলী। এ সময় হঠাৎ আকাশে মেঘের গর্জন ও বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে তিনি বজ্রাঘাতে গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অমরখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান নুরু বলেন, কৃষিকাজের সময় বজ্রপাতে শাহাদাত আলীর মৃত্যু হয়েছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।

যুবকের আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এদিকে, সাম্প্রতিক সময়ে দেশে বজ্রপাতের ঘটনা বৃদ্ধি পাওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খোলা মাঠে কাজ করার সময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। বিশেষ করে বজ্রসহ বৃষ্টির সময় নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

error: Content is protected !!