ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দরে টানা চার দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
ভারতের জলপাইগুড়ি জেলা প্রশাসনের জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পর্যন্ত ভারতের ফুলবাড়ী এবং বাংলাদেশের বাংলাবান্ধা স্থলবন্দরের মধ্যে সকল ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে।
বাংলাবান্ধা স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন বিষয়টি নিশ্চিত করেছে। সংশ্লিষ্টরা জানান, নির্বাচনকালীন নিরাপত্তা ও প্রশাসনিক কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে, শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা চার দিন কার্যক্রম বন্ধ থাকবে। পরবর্তীতে শনিবার (২৫ এপ্রিল) থেকে পূর্ণোদ্যমে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হবে।
এতে করে সীমান্তভিত্তিক ব্যবসা-বাণিজ্যে সাময়িক স্থবিরতা তৈরি হলেও পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত কার্যক্রম সচল হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।