পানছড়িতে ভোরে প্রাণ গেল এক ব্যক্তির

আজিজুর রহমান শাহীন, পানছড়ি উপজেলা প্রতিনিধি:
প্রকাশ: ৩ ঘন্টা আগে

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় এক যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) ভোরে উপজেলার ইসলামপুর এলাকার একটি স’ মিলের সামনে এ ঘটনা ঘটে।

নিহত মো. ইমন হোসেন (২৫) পানছড়ি উপজেলার মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা বলে স্থানীয় সূত্রে জানা গেছে। স্থানীয়দের ভাষ্যমতে, ভোরের দিকে ইসলামপুর এলাকায় অবস্থানকালে দুর্বৃত্তদের গুলিতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। ঘটনার পর এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়ে।

একটি আঞ্চলিক সংগঠনের স্থানীয় এক নেতা দাবি করেন, নিহত ব্যক্তি তাদের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং সাংগঠনিক কাজে বের হওয়ার সময় এ ঘটনা ঘটে। তবে এ বিষয়ে অভিযুক্ত পক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত কার্যক্রম শুরু করেছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত এবং ঘটনার প্রকৃত কারণ কী, তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

error: Content is protected !!