পাবনায় চরের আধিপত্য নিয়ে প্রাণ হারালেন ১ জন

তপন কুমার সরকার, সুজানগর (পাবনা) প্রতিনিধি:
প্রকাশ: ১ ঘন্টা আগে

পাবনার সুজানগর ও সদর উপজেলার সীমান্তবর্তী জোতকাকুড়িয়া কলাবাগান এলাকার পদ্মার চরে অবৈধভাবে বালু উত্তোলন ও চরের জমি নিয়ে আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের মধ্যে এক ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (২৬ জুন) দুপুর ১টার দিকে ঘটা এই চিল্লাই-সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মঞ্জু শেখ (৩৫) নামে স্থানীয় এক বিএনপি কর্মী নিহত হয়েছেন।

নিহত মঞ্জু শেখ উপজেলার আড়িয়া গোহাইলবাড়ি এলাকার দারোগ শেখের ছেলে। দলীয় সূত্র ও স্বজনরা জানিয়েছেন, নিহত মঞ্জু শেখ সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফ এবং চরতারাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ রহমত আলীর আপন ভাতিজা। তিনি সুজানগর এলাকায় দলের একজন সক্রিয় মাঠপর্যায়ের কর্মী হিসেবে পরিচিত ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও দায়িত্বশীল সূত্র থেকে জানা গেছে, সুজানগরের চরতারাপুর ও পাবনা সদরের ভাঁড়ারা ইউনিয়নের সীমান্তবর্তী জোতকাকুড়িয়া চরের জমি এবং বালু মহালের নিয়ন্ত্রণ নিয়ে দুটি পক্ষের মধ্যে দীর্ঘ দিন ধরে তীব্র বিরোধ ও কোন্দল চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই ওই চরাঞ্চলে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল।

এরই জের ধরে আজ শুক্রবার সকালে দুই পক্ষই দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থানে চলে যায় এবং একপর্যায়ে ব্যাপক সংঘর্ষে জড়িয়ে পড়ে। রণক্ষেত্রে পরিণত হওয়া চরাঞ্চলে একপর্যায়ে মঞ্জু শেখ গুরুতর গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু নিশ্চিত হয়। এই ঘটনার পর থেকে সাধারণ চরের বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফ বলেন, ভাঁড়ারা ও চরতারাপুরের কিছু চিহ্নিত অপরাধী জোরপূর্বক অবৈধ উপায়ে বালু উত্তোলন করতে এলে চরের সাধারণ মানুষ ও আমাদের স্বজনরা তাতে বাধা প্রদান করেন। এই ঘটনার জেরে অপরাধীরা সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু বানিয়ে মঞ্জুকে হত্যা করেছে। আমরা অনতিবিলম্বে এই ঘাতকদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার রেজিনূর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, চরের বালু উত্তোলন ও জমি নিয়ে দুই পক্ষের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলের জেরে এই নিহতের ঘটনা ঘটেছে। খবর পাওয়ার সাথে সাথেই পরিস্থিতি শান্ত করতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের কার্যক্রম সম্পন্ন করতে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণের ব্যবস্থা করছে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে চরাঞ্চল জুড়ে পুলিশি টহল জোরদার করা হয়েছে এবং ঘটনার পেছনে জড়িত মূল আসামিদের গ্রেপ্তারে চিরুনি অভিযান শুরু হয়েছে।

error: Content is protected !!