দেশের জনগণের শান্তি, নিরাপত্তা ও জানমালের সুরক্ষা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের সর্বোচ্চ আন্তরিকতা ও সক্ষমতা নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জনগণের নিরাপত্তা রক্ষায় পুলিশ বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সরকারের প্রত্যাশা অনুযায়ী সবাইকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
রোববার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মাঠে ‘পুলিশ সপ্তাহ-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় পুলিশ সদস্যদের ভূমিকা সবসময় গুরুত্বপূর্ণ। তিনি নতুন করে শপথ নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, কোনো পরিস্থিতিতেই যেন দেশের স্বাধীনতা ও জনগণের স্বার্থের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা না যায়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং ১৯৭১ সালের ২৫ মার্চ রাজারবাগ পুলিশ লাইনে নিহতদের স্মরণ করেন। একই সঙ্গে তিনি বলেন, স্বাধীনতা ও গণতন্ত্রের চেতনা সমুন্নত রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে পেশাদার ও মানবিক হতে হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ পুলিশ দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছে। এছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও বাংলাদেশ পুলিশের অবদান আন্তর্জাতিকভাবে প্রশংসিত হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের মানুষের সঙ্গে মানবিক আচরণ ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে হবে। নারী পুলিশ সদস্যদের আন্তর্জাতিক অঙ্গনে সফল ভূমিকাও তিনি তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পুলিশ ও র্যাব সদস্যদের প্যারেড পরিদর্শন করেন এবং পুলিশ সপ্তাহ-২০২৬-এর সার্বিক সাফল্য কামনা করেন। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিনী জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।