বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালি ব্যবহারকারী জাহাজ থেকে প্রথমবারের মতো টোল আদায় শুরু করেছে ইরান। ইতোমধ্যে এই খাত থেকে সংগৃহীত অর্থের প্রথম কিস্তি দেশটির কেন্দ্রীয় ব্যাংকে জমা হয়েছে।
দেশটির পার্লামেন্ট সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি চালু হওয়া এই ব্যবস্থার আওতায় জাহাজের ধরন, বহনকৃত পণ্যের পরিমাণ এবং নিরাপত্তা ঝুঁকির মাত্রা বিবেচনায় ফি নির্ধারণ করা হচ্ছে। মূলত প্রণালিটির নিরাপত্তা ব্যয় সামাল দিতে ‘সিকিউরিটি ট্যাক্স’ হিসেবে এই টোল আরোপ করা হয়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার কারণে গত ফেব্রুয়ারির শেষ দিক থেকে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল কিছুটা বিঘ্নিত হয়। এর পরিপ্রেক্ষিতে ইরান এই গুরুত্বপূর্ণ জলপথে নজরদারি ও নিয়ন্ত্রণ জোরদার করে।
বিশ্লেষকরা মনে করছেন, নতুন এই টোল ব্যবস্থার ফলে একদিকে যেমন ইরানের রাজস্ব বাড়বে, অন্যদিকে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ ব্যবস্থায়ও এর প্রভাব পড়তে পারে।