বাংলাদেশে সংঘটিত একটি ‘বড় হত্যাকাণ্ড’ সম্পর্কে সব জানেন বলে দাবি করেছেন ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জী। একই সঙ্গে তিনি দাবি করেন, এ ঘটনায় গ্রেফতার হওয়া আসামিদের বিষয়ে তথ্য প্রকাশ না করতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে ফোন করেছিলেন।
মঙ্গলবার (২ জুন) কলকাতার ধর্মতলার ওয়াই চ্যানেলে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। মমতা ব্যানার্জী বলেন, বাংলাদেশের এক আলোচিত হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের পশ্চিমবঙ্গের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ) গ্রেফতার করেছিল। পরবর্তীতে এ বিষয়ে তাকে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ফোন করেছিলেন বলে দাবি করেন তিনি।
তবে কোন হত্যাকাণ্ডের কথা তিনি উল্লেখ করছেন, সে বিষয়ে বিস্তারিত জানাননি তৃণমূল নেত্রী। তিনি বলেন, দেশের স্বার্থে এবং পরিস্থিতির কথা বিবেচনা করে তিনি নাম প্রকাশ করতে চান না।
বক্তব্যের একপর্যায়ে মমতা বলেন, অতীতে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার বিষয়ে তার কাছে তথ্য রয়েছে এবং সময়ের প্রেক্ষাপটে তিনি এসব বিষয় তুলে ধরছেন।
তার এই বক্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। তবে মমতা ব্যানার্জীর উত্থাপিত দাবির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।