মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও ইরানকে ঘিরে আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালকের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তুলসি গ্যাবার্ড।
শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এই গুরুত্বপূর্ণ কর্মকর্তা পদত্যাগের সিদ্ধান্ত জানান। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান নীতিকে কেন্দ্র করে প্রশাসনের ভেতরে মতপার্থক্যের আলোচনা চলছিল।
তবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গ্যাবার্ড জানান, তার স্বামী আব্রাহাম উইলিয়ামসের বিরল ধরনের হাড়ের ক্যানসার শনাক্ত হওয়ায় তিনি ব্যক্তিগত কারণে দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
পদত্যাগপত্রে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে গ্যাবার্ড বলেন, গত দেড় বছর জাতীয় গোয়েন্দা দপ্তরের নেতৃত্ব দেওয়ার সুযোগ পাওয়াকে তিনি সম্মানের বিষয় হিসেবে দেখছেন।
অন্যদিকে, প্রেসিডেন্ট ট্রাম্পও নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে গ্যাবার্ডের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তুলসি দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং তাকে মিস করা হবে।
হাওয়াই থেকে নির্বাচিত সাবেক ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য তুলসি গ্যাবার্ড ২০১৩ থেকে ২০২১ সাল পর্যন্ত মার্কিন কংগ্রেসে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি ডেমোক্র্যাটিক পার্টি ছাড়েন এবং ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ শুরু করেন।
আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, চলমান মধ্যপ্রাচ্য পরিস্থিতির মধ্যে তার পদত্যাগ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতিতে নতুন আলোচনা তৈরি করতে পারে।