দেশের বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন নিউজ পোর্টালে এসএসসি পরীক্ষা ২০২৬-এর বাংলা প্রথম পত্রের (১০১) প্রশ্ন ফাঁস হয়েছে—এমন একটি খবর সম্প্রতি ছড়িয়ে পড়ে। তবে এ তথ্য সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
রোববার সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, ২১ এপ্রিল বাংলা প্রথম পত্র এবং ২৩ এপ্রিল বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এ সময় কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষা শেষ হওয়ার এক দিন পর হঠাৎ প্রশ্ন ফাঁস সংক্রান্ত এই সংবাদ ছড়িয়ে পড়ে, যা শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে অযথা উদ্বেগ তৈরি করেছে। বাস্তবে প্রশ্নপত্র ফাঁসের কোনো ঘটনা ঘটেনি।
শিক্ষা মন্ত্রণালয়ের মতে, এ ধরনের গুজব ছড়িয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে। এ বিষয়ে মন্ত্রণালয় বা এর অধীনস্থ কোনো কর্মকর্তা-কর্মচারীর সম্পৃক্ততা নেই বলেও স্পষ্ট করা হয়েছে।
জনগণকে বিভ্রান্তিকর তথ্য থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলা হয়, এ ধরনের মিথ্যা সংবাদে প্ররোচিত হয়ে কোনো ধরনের অর্থ লেনদেন না করতে। একই সঙ্গে প্রশ্ন ফাঁসসংক্রান্ত কোনো অপপ্রচার নজরে এলে তা দ্রুত শিক্ষা মন্ত্রণালয়কে জানানোর অনুরোধ করা হয়েছে।