ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-এর প্রশাসক মো. আবদুস সালাম জানিয়েছেন, ফুটপাতের ব্যবসায়ীদের একটি নিয়মিত কাঠামোর মধ্যে আনতে সরকার লাইসেন্স প্রদানের উদ্যোগ নিচ্ছে।
বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এর সামনে ফুটপাত দখলমুক্তকরণ কার্যক্রমের পাইলট প্রকল্প উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নগরীর সার্বিক উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে হলে জনগণ এবং সিটি করপোরেশনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। যে কোনো ধরনের ব্যবসা পরিচালনার জন্য সিটি করপোরেশনের অনুমতি বাধ্যতামূলক—ফুটপাতের ব্যবসাও এর ব্যতিক্রম নয়। প্রশাসক আরও জানান, হকারদের জন্য নির্দিষ্ট গাইডলাইন তৈরি করা হবে, যাতে সীমিত জায়গায় অতিরিক্ত দোকান বসতে না পারে। কে কোথায় বসবে, সেটিও নির্ধারণ করে দেওয়া হবে।
এছাড়া, এক সপ্তাহের মধ্যে পুলিশ প্রশাসনের মাধ্যমে একটি জরিপ চালিয়ে ফুটপাত ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনার কাজ শুরু হবে বলেও তিনি উল্লেখ করেন।