শুক্রবার থেকে শুরু বিএনপির নারী আসনের মনোনয়ন সাক্ষাৎকার

স্টাফ রিপোর্টার | দেশ এডিশন
প্রকাশ: ২ ঘন্টা আগে

সংরক্ষিত নারী আসনে ত্রয়োদশ জাতীয় সংসদের জন্য দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার আগামী শুক্রবার (১৭ এপ্রিল) থেকে শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রাজধানীর গুলশান এলাকায় বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দুই দিনব্যাপী এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য পদে যারা দলীয় মনোনয়ন ফরম পূরণ করে জমা দিয়েছেন, তাদের সাক্ষাৎকার এই কার্যালয়ে নেওয়া হবে। প্রতিদিন বিকেল ৩টা থেকে সাক্ষাৎকার কার্যক্রম শুরু হবে।

সূচি অনুযায়ী সাক্ষাৎকার: প্রথম দিন (১৭ এপ্রিল, শুক্রবার): রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দিন (১৮ এপ্রিল, শনিবার): ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের আবেদনকারীদের সাক্ষাৎকার নেওয়া হবে।

দলীয় সূত্র জানায়, এই সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করে সংরক্ষিত নারী আসনের জন্য চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে।

error: Content is protected !!