
রাজধানীর কদমতলীতে চার্জে থাকা একটি ব্যাটারিচালিত রিকশা মেরামত করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মতিউর রহমান (৩২) নামে এক রিকশা মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩ জুলাই) বিকেল ৩টার দিকে কদমতলীর মিরাজনগর বাজারের রায়েরবাগ এলাকার একটি রিকশার গ্যারেজে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মতিউর রহমান নীলফামারী জেলার জলঢাকা উপজেলার কদমতলী গ্রামের আব্দুর রহমানের ছেলে। বর্তমানে তিনি কদমতলীর রায়েরবাগ এলাকায় সপরিবারে একটি ভাড়া বাসায় বসবাস করতেন। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন।
নিহতের স্ত্রী মিষ্টি বেগম জানান, মতিউর রহমান পেশায় একজন রিকশা মিস্ত্রি ছিলেন। আজ শুক্রবার বিকেলে গ্যারেজে চার্জে বসানো অবস্থায় থাকা একটি ব্যাটারিচালিত রিকশার কারিগরি ত্রুটি মেরামত করছিলেন তিনি। কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হয়ে পড়েন এবং তীব্র শর্ট খেয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে মাটিয়ে লুটিয়ে পড়েন।
গ্যারেজে থাকা তাঁর অন্য সহকর্মীরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করেন। এরপর বিকেল পৌনে ৪টার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে মতিউর রহমানকে মৃত ঘোষণা করেন। উপার্জক্ষম মানুষের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবারে চরম শোকের ছায়া নেমে এসেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হয়েছিল। বর্তমানে তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনার বিষয়টি তদন্ত ও পরবর্তী আইনি পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট কদমতলী থানাকে তাৎক্ষণিকভাবে অবহিত করা হয়েছে।” পুলিশ ঘটনার বিষয়ে গ্যারেজের মালিক ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করছে।