শেরপুরে ফল ও কৃষি মেলার উদ্বোধন

জান্নাতুল বাকী, শেরপুর:
প্রকাশ: ২ minutes ago

শেরপুর: শেরপুরে তিন দিনব্যাপী ‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারোমাস’ স্লোগানে জাতীয় ফল মেলা এবং ‘নিরাপদ কৃষি, নিরাপদ কৃষক, নিরাপদ খাদ্যশস্য, পরিপূর্ণ বাংলাদেশ’ স্লোগানে কৃষি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ ১৮ জুন বৃহস্পতিবার সকালে শেরপুর সদর উপজেলা পরিষদ চত্বরে এই মেলাগুলোর উদ্বোধন করা হয়।

​শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার মূল ফটকে ফিতা কেটে এই ফল ও কৃষি মেলার উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি অন্যান্য অতিথিবৃন্দকে সাথে নিয়ে মেলায় অংশ নেওয়া ফল ও কৃষিজাত সামগ্রীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং উদ্যোক্তা ও কৃষকদের সাথে কথা বলেন।

​উদ্বোধন শেষে সদর উপজেলা পরিষদ হলরুমে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই সভায় শেরপুরের কৃষি খাতের আধুনিকায়ন এবং নিরাপদ খাদ্য উৎপাদনের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মামুনুর রশিদ পলাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ এবং স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আরিফা সিদ্দিকা।

​সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক এবং সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলুর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মাওলানা আব্দুল বাতেন, শফিকুল ইসলাম গোল্ডেনসহ সদর উপজেলার বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রগতিশীল কৃষকবৃন্দ।

​বক্তারা বলেন, এই মেলার মাধ্যমে স্থানীয় কৃষকেরা উন্নত জাতের ফল চাষ ও আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে জানতে পারবেন, যা জেলায় নিরাপদ খাদ্যশস্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

error: Content is protected !!