নির্ধারিত ফিতে ব্যবসার সুযোগ পাবেন হকাররা

আদনান কবির:
প্রকাশ: ২ ঘন্টা আগে

রাজধানীতে ফুটপাত ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে নতুন উদ্যোগ নিয়েছে দুই সিটি করপোরেশন। নতুন নীতিমালার আওতায় নিবন্ধিত হকারদের নির্ধারিত স্থান ও সময় অনুযায়ী ব্যবসা করার সুযোগ দেওয়া হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দৈনিক অনিয়মিত অর্থ আদায়ের পরিবর্তে মাসিক বা বার্ষিক নির্ধারিত ফি’র মাধ্যমে হকারদের নিবন্ধনের আওতায় আনা হচ্ছে। নিবন্ধিতদের স্মার্টকার্ড প্রদান করা হবে এবং কেবল অনুমোদিত ব্যক্তিরাই নির্ধারিত স্থানে ব্যবসা পরিচালনা করতে পারবেন।

ইতোমধ্যে কয়েকশ হকারকে স্মার্টকার্ড দেওয়া হয়েছে। রাজধানীর গুলিস্তান, নিউমার্কেট ও মিরপুর এলাকার কিছু স্থানে হকারদের বসার স্থান চিহ্নিত করার কাজও সম্পন্ন হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য এলাকাতেও এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে বলে জানা গেছে।

সিটি করপোরেশন সূত্রে জানা যায়, নিবন্ধনের জন্য বিতরণ করা ফরমে আবেদনকারীর পরিচয়, স্থায়ী ঠিকানা ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। এসব তথ্য যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে। এ কাজে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমন্বিতভাবে কাজ করছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, নিবন্ধনের মাধ্যমে আদায়কৃত অর্থ ফুটপাত এলাকার পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়নমূলক কাজে ব্যয় করা হবে।

এদিকে নগর ব্যবস্থাপনা নিয়ে কাজ করা বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, রাজধানীতে বিপুল সংখ্যক হকার দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিত ব্যবস্থার মধ্যে ব্যবসা পরিচালনা করে আসছেন। নতুন নীতিমালার মাধ্যমে ফুটপাত ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও শৃঙ্খলা ফিরিয়ে আনার আশা করছে সংশ্লিষ্টরা।

error: Content is protected !!