লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ পশ্চিম বাজার নিউ মার্কেটে জায়গা দখলকে কেন্দ্র করে ব্যবসায়ীদের ওপর হামলার ঘটনায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে বুধবার বিকেলে স্থানীয় ব্যবসায়ীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন এবং দ্রুত জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের সূত্রে জানা যায়, বুধবার দুপুর আনুমানিক ২টার দিকে নিউ মার্কেটের মসজিদ সংলগ্ন মোটরসাইকেল পার্কিং এলাকায় তরমুজ রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন মনু নামের এক ব্যক্তি। এ সময় মার্কেটের ব্যবসায়ী মো. রাজু পার্কিংয়ের স্থান খালি করার অনুরোধ জানালে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মনুর নেতৃত্বে রকি, মেহেদী, সিদ্দিক ও কাজলসহ একদল ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে ব্যবসায়ীদের ওপর হামলা চালায়।
হামলায় রাজু টেলিকমের মালিক মো. রাজু ও কসমেটিক্স ব্যবসায়ী মামুন আহত হন। গুরুতর আহত হন ‘আইডিয়াজ কম্পিউটার’-এর স্বত্বাধিকারী মো. ইয়াসিন। তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হলেও অবস্থার অবনতি হওয়ায় পরে ঢাকার একটি হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকদের মতে, তার অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার প্রতিবাদে বিকেল সোয়া ৫টার দিকে ব্যবসায়ীরা একত্রিত হয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ সময় বক্তারা অভিযোগ করেন, একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে বাজারের মূল্যবান জায়গা দখলের চেষ্টা করছে। প্রকাশ্যে হামলার পরও অভিযুক্তরা এলাকায় ঘুরে বেড়ানোয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
ব্যবসায়ী নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্তসহ জড়িতদের গ্রেপ্তার করা না হলে চন্দ্রগঞ্জ বাজার অনির্দিষ্টকালের জন্য বন্ধসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
অভিযুক্ত পক্ষের দাবি, অতিরিক্ত তরমুজ সাময়িকভাবে রাখা হয়েছিল এবং এ নিয়ে বিরোধের সৃষ্টি হয়। তবে ব্যবসায়ীরা এ দাবি প্রত্যাখ্যান করে সিসিটিভি ফুটেজে হামলার প্রমাণ রয়েছে বলে জানান।
এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য একাধিক টিম কাজ করছে এবং কাউকেই ছাড় দেওয়া হবে না।
বর্তমানে চন্দ্রগঞ্জ বাজারে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ব্যবসায়ীরা দ্রুত নিরাপত্তা নিশ্চিত ও দোষীদের শাস্তির দাবিতে প্রশাসনের পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন।