চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, রংপুর, ময়মনসিংহ, কক্সবাজার, কুমিল্লা ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি সংস্থায় নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। বুধবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
চট্টগ্রাম ও কক্সবাজারে নতুন চেয়ারম্যান
প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া প্রকৌশলী মো. নূরুল করিমের অবশিষ্ট মেয়াদের নিয়োগ বাতিল করা হয়েছে। তার স্থলে এক বছরের জন্য চুক্তিভিত্তিকভাবে ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে।
একইভাবে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া মোহাম্মদ সালাউদ্দীনের অবশিষ্ট মেয়াদের নিয়োগও বাতিল করে, তার স্থলে এক বছরের জন্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ জসিম উদ্দিনকে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যান্য উন্নয়ন কর্তৃপক্ষের নতুন দায়িত্বে যাঁরা
প্রজ্ঞাপনে আরও সাতটি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে এক বছরের জন্য নতুন নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা হলেন:
রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ: মো. সামসুজ্জামান সামু
খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ: এস এম শফিকুল আলম
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ: রেজাউল হাসান লোদী
নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ: মাশুকুল ইসলাম রাজিব
ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ: মোতাহার হোসেন তালুকদার
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ: উদবাতুল বারী আবু
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ: মো. আবুল কালাম আজাদ
বিসিএসআইআর (BCSAIR)-এ নতুন চেয়ারম্যান
একই প্রজ্ঞাপনে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর চেয়ারম্যান হিসেবে ড. সামিনা আহমেদকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ আইন, ২০১৩-এর ধারা ৫(৩) অনুযায়ী তার পূর্বের অবশিষ্ট মেয়াদ বাতিল করে, যোগদানের তারিখ থেকে নতুন এই নিয়োগ কার্যকর করা হবে।