দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে ভোজ্যতেলের দাম। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৪ টাকা বাড়িয়ে ১৯৫ টাকা থেকে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে খোলা তেলের দামও লিটারে ৪ টাকা বাড়িয়ে ১৭৫ টাকা থেকে ১৭৯ টাকা করা হয়েছে।
বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ভোজ্যতেলের বাজারমূল্য নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
মন্ত্রী বলেন, বোতলজাত তেলের পাশাপাশি খোলা তেলের দামও সমন্বয় করা হয়েছে। নতুন নির্ধারিত দামে বাজারে তেল বিক্রি হবে বলে তিনি জানান।
দাম বৃদ্ধির কারণ হিসেবে তিনি বৈশ্বিক পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন, আন্তর্জাতিক বাজারে পণ্যের উৎস পর্যায়ে মূল্য বেড়ে যাওয়ায় এর প্রভাব দেশীয় বাজারেও পড়ছে।
তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে ভোক্তারা বিষয়টি ইতিবাচকভাবে দেখবেন বলে আশা করা হচ্ছে। এতে বাজারে সরবরাহ পরিস্থিতি আগের তুলনায় স্বাভাবিক হবে বলেও জানান তিনি।
বিশেষজ্ঞরা মনে করছেন, বৈশ্বিক বাজারের অস্থিরতা অব্যাহত থাকলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে আরও চাপ তৈরি হতে পারে, যা মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষের ওপর বাড়তি প্রভাব ফেলবে।