ভারতে সামাজিক যোগাযোগমাধ্যমকেন্দ্রিক রাজনৈতিক ব্যঙ্গধর্মী উদ্যোগ হিসেবে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-এর পর এবার সামনে এসেছে ‘ন্যাশনাল প্যারাসাইটিক ফ্রন্ট’ (এনপিএফ)।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সংগঠন দু’টি মূলত রাজনৈতিক ব্যঙ্গ ও সামাজিক সচেতনতা নির্ভর অনলাইন আন্দোলনের অংশ হিসেবে গড়ে উঠেছে। মূল্যস্ফীতি, বেকারত্ব, সামাজিক বাস্তবতা এবং সমসাময়িক রাজনৈতিক বিষয়গুলোকে ব্যঙ্গাত্মক উপস্থাপনার মাধ্যমে তরুণদের মধ্যে আলোচনার পরিবেশ তৈরি করাই এসব উদ্যোগের লক্ষ্য।
বিশ্লেষকদের মতে, জেন-জি প্রজন্মের অংশগ্রহণে গড়ে ওঠা এই ধরনের অনলাইন প্ল্যাটফর্মগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে। তরুণদের একাংশ ব্যঙ্গাত্মক কনটেন্টের মাধ্যমে নিজেদের মতামত প্রকাশে আগ্রহী হয়ে উঠছে।
ঘটনার সূত্রপাত হয় ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্তের একটি মন্তব্যকে ঘিরে। পরে ওই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। যদিও পরবর্তীতে তিনি স্পষ্ট করেন, তার বক্তব্য ভুলভাবে উদ্ধৃত হয়েছে এবং বেকার তরুণদের উদ্দেশ করে নেতিবাচক মন্তব্য করার উদ্দেশ্য তার ছিল না।
এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় কিছু তরুণ ব্যঙ্গধর্মী রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে ‘ককরোচ জনতা পার্টি’ গঠন করেন। পরে একই ধারাবাহিকতায় ‘ন্যাশনাল প্যারাসাইটিক ফ্রন্ট’ নামেও আরেকটি অনলাইনভিত্তিক সংগঠন আত্মপ্রকাশ করে।
বর্তমানে সংগঠন দু’টি মূলত ডিজিটাল প্ল্যাটফর্মে সদস্য সংগ্রহ ও সচেতনতামূলক ব্যঙ্গধর্মী কনটেন্ট প্রকাশের মাধ্যমে আলোচনায় রয়েছে।