ভারতের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া আগামী জুন থেকে আগস্ট পর্যন্ত কয়েকটি আন্তর্জাতিক রুটে ফ্লাইট সাময়িকভাবে স্থগিত ও কিছু রুটে ফ্লাইট সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। আকাশপথে চলাচলসংক্রান্ত বিধিনিষেধ এবং আন্তর্জাতিক বাজারে জেট ফুয়েলের উচ্চমূল্যকে এ সিদ্ধান্তের কারণ হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি।
বৃহস্পতিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এয়ার ইন্ডিয়া জানায়, যাত্রীদের শেষ মুহূর্তের ভোগান্তি এড়াতে আগেভাগেই ফ্লাইট সূচিতে এই সমন্বয় আনা হয়েছে। এর মাধ্যমে নির্ধারিত সময়সূচির স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হবে বলে মনে করছে কর্তৃপক্ষ।
নতুন পরিকল্পনা অনুযায়ী, মুম্বাই-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট সাময়িকভাবে বন্ধ থাকবে। পাশাপাশি দিল্লি থেকে ঢাকা, কাঠমান্ডু, কলম্বো, ব্যাংকক, কুয়ালালামপুর ও সিঙ্গাপুর রুটে সাপ্তাহিক ফ্লাইট সংখ্যা কমানো হয়েছে।
উত্তর আমেরিকার কয়েকটি রুটেও পরিবর্তন আনা হয়েছে। দিল্লি-শিকাগো রুটের ফ্লাইট আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে। একই সঙ্গে টরন্টো ও ভ্যাঙ্কুভারগামী ফ্লাইটের সংখ্যাও কমানো হয়েছে। তবে মুম্বাই-নেওয়ার্ক রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে সংস্থাটি।
ইউরোপের প্যারিস, রোম, জুরিখ, ভিয়েনা ও কোপেনহেগেন রুটেও ফ্লাইট সংখ্যা আগের তুলনায় কমানো হবে বলে জানানো হয়েছে।
এয়ার ইন্ডিয়া জানিয়েছে, জ্বালানি সংকটের কারণে সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ হয়ে যাচ্ছে—এমন তথ্য সঠিক নয়। সংস্থাটি বলছে, সমন্বয়ের পরও প্রতি মাসে বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্যে ১ হাজার ২০০টির বেশি ফ্লাইট পরিচালনা অব্যাহত থাকবে।
ফ্লাইট বাতিল বা সময় পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত যাত্রীরা বিকল্প ফ্লাইট, ভ্রমণের তারিখ পরিবর্তন অথবা টিকিটের অর্থ ফেরতের সুযোগ পাবেন বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে যাত্রীদের অফিসিয়াল ওয়েবসাইট, অ্যাপ ও ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।