চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় চুরির অভিযোগে এক প্রতিবন্ধী যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২ জুন) দিবাগত রাতে উপজেলার গোহালবাড়ী ইউনিয়নের গোহালবাড়ী হাটখোলা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফিরোজ আলী (৪০) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পিটিআই কলেজ বস্তি এলাকার মৃত নুরুন্নবীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৩টার দিকে গোহালবাড়ী গ্রামের একটি গোয়ালঘরে চুরির চেষ্টা হচ্ছে বলে সন্দেহ করা হলে ফিরোজ আলীকে আটক করা হয়। পরে সেখানে উপস্থিত লোকজন তাকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে।
গুরুতর আহত অবস্থায় সকাল ৭টার দিকে পুলিশ তাকে উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের ভাষ্য, ফিরোজ আলী মানসিকভাবে প্রতিবন্ধী ছিলেন এবং বিভিন্ন স্থান থেকে পরিত্যক্ত বোতল ও হাড় সংগ্রহ করে জীবিকা নির্বাহ করতেন। তার বিরুদ্ধে এলাকায় পূর্বে কোনো চুরির অভিযোগ ছিল না বলেও জানিয়েছেন স্থানীয় কয়েকজন বাসিন্দা।
ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারিক বলেন, চুরির অভিযোগে আটক এক ব্যক্তিকে মারধরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনায় জড়িত সন্দেহে ইমরান হোসেন (৫০), নুরুল হক (৩০) ও রাজিব (৩০) নামে তিনজনকে আটক করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।