পাবনার ঈশ্বরদীতে অবস্থিত দেশের একমাত্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আজ (দুপুরে) আনুষ্ঠানিকভাবে পারমাণবিক জ্বালানি বা ফুয়েল লোডিং কার্যক্রম শুরু হচ্ছে। এর মধ্য দিয়ে বাংলাদেশ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের বাস্তবায়ন পর্যায়ে প্রবেশের আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ফুয়েল লোডিং কার্যক্রম শুরুর ফলে বিদ্যুৎকেন্দ্রটি অবকাঠামোগত নির্মাণ পর্যায় থেকে ধীরে ধীরে অপারেশনাল বা উৎপাদনমুখী ধাপে অগ্রসর হবে। পরবর্তী ধাপে বিভিন্ন প্রযুক্তিগত পরীক্ষা-নিরীক্ষা শেষে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করার কথা রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফরিদ মাহমুদ আনামের। এতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রসি উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে। পাশাপাশি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি ভিডিও বার্তা প্রচারের কথাও রয়েছে।
পরমাণু শক্তি বিশেষজ্ঞদের মতে, ফুয়েল লোডিং একটি অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ ধাপ, যা সফলভাবে সম্পন্ন হলে কেন্দ্রটি পরীক্ষামূলক উৎপাদনের জন্য প্রস্তুত বলে বিবেচিত হয়।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু হলে দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার হবে এবং দীর্ঘমেয়াদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।