শিশু রামিসা ঘটনায় দ্রুত বিচার এবং শিশুদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ মে) সকাল ১১টায় তেঁতুলিয়ার ঐতিহ্যবাহী তেঁতুলতলায় এ কর্মসূচির আয়োজন করে সামাজিক সংগঠন ‘শিশুসর্গ ফাউন্ডেশন’।
সাংবাদিক ও সংগঠক মোস্তাক আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জাহাঙ্গীর আলম, সিনিয়র সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী আশরাফুল ইসলাম, জাতীয় পরিবেশ পদকপ্রাপ্ত পরিবেশকর্মী মাহমুদুল ইসলাম মামুন, নারী উদ্যোক্তা ও সাংবাদিক জয়িতা মর্জিনা আক্তার মাহি, দৈনিক কালবেলার তেঁতুলিয়া উপজেলা প্রতিনিধি মোবারক হোসেন, শিশুসর্গ ফাউন্ডেশনের সহকারী শিক্ষিকা আঁখি আক্তার এবং সহকারী শিক্ষক সোহরাব হোসেন সোহাগ।
বক্তারা বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে আলোচিত ঘটনাগুলোর দ্রুত ও কার্যকর বিচার নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেন তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন শিশুসর্গ ফাউন্ডেশনের তেঁতুলিয়া শাখার সভাপতি মিজানুর রহমান মিন্টু, সিনিয়র সহ-সভাপতি আহসান হাবীব, সাধারণ সম্পাদক রতন আহম্মেদ ও সাংগঠনিক সম্পাদক জুলহাস উদ্দীনসহ সংগঠনের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও সাধারণ মানুষ।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা শিশু সুরক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।