সরকারের বিশেষ বরাদ্দে সালথায় সড়ক সংস্কার

মো: শাহাদাৎ হোসেন:
প্রকাশ: ৪৪ minutes ago

ফরিদপুর জেলার সালথা উপজেলার ভল্লবদি ইউনিয়নে জনসাধারণের যাতায়াতের সুবিধার্থে একটি গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কারের কার্যক্রম শুরু হয়েছে। গতকাল শনিবার (১৩ জুন) সকাল ১০ ঘটিকার সময় বাঁশখালী ফুলবাড়িয়া রোডের পিসনাইন পিরে মন্ডলের বাড়ি হতে দেওয়ালীকান্দা সিরাজ মোল্লার বাড়ি পর্যন্ত এই রাস্তাটির পুনর্নির্মাণ ও সংস্কার কাজ শুরু করা হয়।

দীর্ঘদিন যাবৎ জরাজীর্ণ ও বেহাল অবস্থায় পড়ে থাকা এই রাস্তাটি দিয়ে এই অঞ্চলের অন্তত ৫ থেকে ৭টি গ্রামের জনসাধারণ নিয়মিত চলাফেরা করেন। রাস্তাটি খানাখন্দে ভরা থাকায় দীর্ঘদিন ধরে কোনো প্রকার যানবাহন চলাচল করতে পারছিল না, যার ফলে স্থানীয় মানুষ চরম সমস্যার সম্মুখীন হচ্ছিলেন।

এলাকাবাসীর দুর্ভোগের বিষয়টি বিবেচনা করে সালথা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মো: নান্নু মোল্লার আন্তরিক প্রচেষ্টা ও তদারকিতে সড়কটির কাজ শুরু হয়েছে। সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিশেষ সহযোগিতায় এবং সরকারি বাজেট থেকে এই রাস্তাটি নির্মাণের জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দকে দায়িত্ব দেওয়া হয়। অর্পিত দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করে দ্রুততম সময়ের মধ্যে মানসম্মতভাবে রাস্তাটির কাজ সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়েছেন মো: নান্নু মোল্লা।

দীর্ঘদিন পর অবহেলিত এই সড়কটির নির্মাণ কাজ শুরু হওয়ায় ভল্লবদি ইউনিয়নের অত্র এলাকাবাসী সকলে অত্যন্ত আনন্দিত ও সন্তোষ প্রকাশ করেছেন। স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটি পুরোপুরি চালু হলে তাদের কৃষিপণ্য আনা-নেওয়া এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদের যাতায়াতে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে। এই জনকল্যাণমূলক কাজের জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রাস্তা সংস্কার কাজের তদারকি করার সময় মো: নান্নু মোল্লা জানান, এলাকার যেকোনো জনদুর্ভোগ ও সাধারণ মানুষের অধিকার আদায়ে তিনি সবসময় পাশে থাকবেন। একই সাথে এলাকার সামগ্রিক উন্নয়ন চিত্রকে বদলে দিতে এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাবা শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তিনি আজীবন সাধারণ মানুষের সেবায় নিয়োজিত থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

error: Content is protected !!