সীমান্তে বিজিবির টহলে উদ্ধার বিপুল কসমেটিকস পণ্য

জান্নাতুল বাকি, শেরপুর:
প্রকাশ: ৫ minutes ago

শেরপুর ও ময়মনসিংহ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস সামগ্রী এবং একটি ব্যাটারিচালিত ভ্যানগাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার ও শুক্রবার (১৪ ও ১৫ মে) রাতভর পরিচালিত পৃথক অভিযানে উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩ লাখ ৪৬ হাজার ৩৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত দিয়ে ভারতীয় পণ্য পাচারের খবর পেয়ে বিজিবির টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কাটাবাড়ী এলাকা এবং শেরপুরের শ্রীবরদী উপজেলার মেঝপাড়া সীমান্তে বিশেষ অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ ভারতীয় জনসন বেবি পাউডার, স্কিনশাইন ক্রিম, বিভিন্ন ব্র্যান্ডের বডি স্প্রে এবং চোরাচালানে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত ভ্যানগাড়ি জব্দ করা হয়।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, “সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। মাদক, অবৈধ পণ্য পাচার ও অনুপ্রবেশ রোধে আমাদের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।”

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অবৈধ পণ্য পাচার প্রতিরোধে টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।

error: Content is protected !!