স্কুল মিল তদারকিতে নতুন গার্ডিয়ান কমিটি

প্রকাশ: ৯ ঘন্টা আগে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিড-ডে মিল কার্যক্রমে খাদ্যের মান ও সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন অভিযোগের পর বিদ্যালয়ভিত্তিক ‘গার্ডিয়ান কমিটি’ গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে অনিয়ম ও তদারকি ঘাটতির অভিযোগ যাচাইয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত এক জরুরি বৈঠকে এ নির্দেশনা দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বৈঠকে মন্ত্রণালয় ও অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নতুন নির্দেশনা অনুযায়ী, শিক্ষার্থীদের খাদ্য নিরাপত্তা ও সেবার মান পর্যবেক্ষণে বিদ্যালয় পর্যায়ে পাঁচ সদস্যের ‘গার্ডিয়ান কমিটি’ গঠন করা হবে। এতে প্রধান শিক্ষক, বিদ্যালয় পরিচালনা কমিটির একজন প্রতিনিধি এবং তিনজন অভিভাবক মা সদস্য হিসেবে থাকবেন।

সভায় মিড-ডে মিল কার্যক্রমে খাদ্যের গুণগতমান, প্যাকেজিং ও সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। অনুমোদিত মান বজায় রেখে খাদ্য সরবরাহ, পরিচয় যাচাই এবং নিয়মিত পরিদর্শনের নির্দেশনাও দেওয়া হয়েছে। পাশাপাশি উপ-ঠিকাদারি নিরুৎসাহিত করার বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও পুষ্টিকর খাবার নিশ্চিত করা সরকারের অগ্রাধিকারমূলক দায়িত্ব। এ কার্যক্রমে কোনো ধরনের গাফিলতি বা অনিয়ম গ্রহণযোগ্য হবে না বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে বিভিন্ন এলাকায় মিড-ডে মিলের খাবারের মান নিয়ে অভিভাবক ও স্থানীয়দের মধ্যে আলোচনা তৈরি হয়েছে। কিছু স্থানে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার ঘটনাও গণমাধ্যমে উঠে এসেছে। এসব বিষয় পর্যালোচনায় তদন্ত কমিটিকে দ্রুত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বর্তমানে দেশের বিভিন্ন উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের জন্য রুটি, ডিম, কলা, দুধ ও পুষ্টিসমৃদ্ধ বিস্কুট সরবরাহ করা হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, এ কর্মসূচির লক্ষ্য শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, ঝরে পড়া কমানো এবং শ্রেণিকক্ষে মনোযোগ ধরে রাখা।

error: Content is protected !!