স্পিকারের মাধ্যমে বিশেষ সুবিধার আহ্বান মিজানুর রহমানের

সংসদ বিষয়ক প্রতিবেদক (দেশ এডিশন):
প্রকাশ: ১ ঘন্টা আগে

সংসদ সদস্যদের জন্য সরকারের বরাদ্দ দেওয়া আবাসিক ফ্ল্যাটে ওয়াশিং মেশিন, মাইক্রো ওভেন ও জানালার পর্দা সরবরাহের দাবি জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মিজানুর রহমান। আজ বুধবার (১৭ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি স্পিকারের মাধ্যমে সরকারের কাছে এই দাবি জানান।

বাজেট আলোচনায় অংশ নিয়ে মিজানুর রহমান বলেন, ‘আমরা বাজেটের ওপর কথা বলছি। সম্পূরক বাজেটও এই মহান জাতীয় সংসদে পাস হয়েছে। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্যরা অনেক টাকার সম্পূরক বাজেটও পাস করেছেন। কিন্তু এই সংসদ সদস্যদের আবাসিক ফ্ল্যাটগুলোতে, থাকার জন্য যেটা দেওয়া হয়েছে, তার জানালা–দরজার পর্দাটি এখনো পর্যন্ত ঝোলানো হয়নি।’

তিনি তাঁর বক্তব্যে সংসদ সদস্যদের দৈনন্দিন সুযোগ-সুবিধার ঘাটতিগুলোর কথা উল্লেখ করে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি জানান, সংসদ সদস্যদের থাকার সুবিধার জন্য যে আবাসন নিশ্চিত করা হয়েছে, সেখানে কিছু প্রয়োজনীয় গৃহস্থালি সামগ্রীর এখনো অভাব রয়েছে।

স্পিকারের উদ্দেশে মিজানুর রহমান আরও বলেন, ‘সুতরাং জোর দাবি জানাচ্ছি, আমরা শুনেছিলাম যে আমাদের এই ফ্ল্যাটগুলোতে একটি করে ওয়াশিং মেশিন, মাইক্রো ওভেনও দেওয়া হবে। এই পর্দা, মাইক্রো ওভেন এবং ওয়াশিং মেশিনগুলো আপনার মাধ্যমে পাওয়ার জোর দাবি জানাচ্ছি।’

সংসদ সূত্রে জানা গেছে, প্রস্তাবিত বাজেটের সাধারণ আলোচনায় বিভিন্ন সংসদ সদস্য যেমন তাদের নিজ নিজ এলাকার উন্নয়ন ও জাতীয় অর্থনৈতিক নীতি নিয়ে কথা বলছেন, তেমনই সংসদ সদস্যদের রাষ্ট্রীয় লজিস্টিক সুবিধা ও আবাসিক ব্যবস্থাপনার এই বিষয়টিও আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।

error: Content is protected !!