স্বর্ণে স্বস্তি, কমেছে রুপার দামও

দেশ এডিশন অনলাইন ডেস্ক:
প্রকাশ: ২ ঘন্টা আগে

দেশের বাজারে স্বর্ণের দামে আরও এক দফা কমানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) মঙ্গলবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন দাম আজ থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (বিশুদ্ধ স্বর্ণ) দাম কমার প্রেক্ষিতে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দর নির্ধারণ করা হয়েছে।

নতুন নির্ধারিত দামে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা এবং ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ২১৩ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির স্বর্ণের দাম রাখা হয়েছে ভরিতে ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা।

এর আগে গত ২৩ এপ্রিলও স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। তখন ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা নির্ধারণ করা হয়।

স্বর্ণের পাশাপাশি কমেছে রুপার দামও। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেট রুপার দাম ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগের তুলনায় ২৩৩ টাকা কম। এছাড়া ২১ ক্যারেট রুপা ভরিতে ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩৮৩ টাকায় বিক্রি হবে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারের দামের ওঠানামার প্রভাবেই স্বর্ণ ও রুপার দামে এ সমন্বয় আনা হয়েছে।

error: Content is protected !!