৫২ দিনেই রেকর্ড ঋণ, চাপে অর্থনীতি

অর্থনীতি ডেস্ক | দেশ এডিশন:
প্রকাশ: ২ ঘন্টা আগে

চলতি অর্থবছরে সরকারের ব্যাংকনির্ভর ঋণগ্রহণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। দায়িত্ব গ্রহণের মাত্র ৫২ দিনের মধ্যেই বর্তমান সরকার ব্যাংকিং খাত থেকে প্রায় ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে। ফলে নির্ধারিত বাজেট লক্ষ্যমাত্রা ইতোমধ্যেই অতিক্রম করেছে।

সরকারের বাজেটে ব্যাংক ঋণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৪ হাজার কোটি টাকা। কিন্তু অর্থবছরের জুলাই থেকে ৯ এপ্রিল পর্যন্ত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ১২ হাজার ৭৬১ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার ১০৮ শতাংশ।

বাংলাদেশ ব্যাংক-এর সর্বশেষ প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, অর্থবছরের প্রথম ৯ মাস ৯ দিনে সরকারের ঋণগ্রহণ আগের বছরের একই সময়ের তুলনায় ৬৫ হাজার ৬৮৫ কোটি টাকা বেশি, যা প্রায় ১৩৯ দশমিক ৬০ শতাংশ বৃদ্ধি নির্দেশ করে।

বিশ্লেষকদের মতে, অন্তর্বর্তী সরকারের সময় নতুন ব্যাংকে বিনিয়োগ এবং জাতীয় নির্বাচনের ব্যয় মেটাতে ঋণ নেওয়া হয়েছিল। পরবর্তীতে বর্তমান সরকারের সময়ে বৈশ্বিক পরিস্থিতি, বিশেষ করে মধ্যপ্রাচ্য সংকটের প্রভাবে জ্বালানি খাতে ভর্তুকি বৃদ্ধি পাওয়ায় ব্যয় আরও বেড়েছে। পাশাপাশি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের চাপও রয়েছে।

অন্যদিকে, রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রার তুলনায় উল্লেখযোগ্যভাবে পিছিয়ে রয়েছে। অর্থবছরের প্রথম আট মাসে রাজস্ব ঘাটতি প্রায় সাড়ে ৭১ হাজার কোটি টাকায় পৌঁছেছে। ফলে ব্যয় নির্বাহে ব্যাংক ঋণের ওপর নির্ভরতা বাড়ছে।

এ বিষয়ে অর্থনীতিবিদ ড. মোস্তফা কে মুজেরী বলেন, বাজেট প্রণয়নের সময় রাজস্ব আয়ের যে লক্ষ্য নির্ধারণ করা হয়, বাস্তবে তা অর্জিত না হওয়ায় সরকারকে বিকল্প উৎস থেকে অর্থ সংগ্রহ করতে হচ্ছে। তবে ব্যাংক ঋণের লক্ষ্যমাত্রা ইতোমধ্যে অতিক্রম করায় পরিস্থিতি উদ্বেগজনক হতে পারে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত অর্থবছর শেষে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে সরকারের মোট ঋণের স্থিতি ছিল ৪ লাখ ৫২ হাজার ৪৮১ কোটি টাকা। চলতি অর্থবছরের ৯ এপ্রিল পর্যন্ত তা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৪১ হাজার ৬৫৯ কোটি টাকায়।

একই সময়ে কেন্দ্রীয় ব্যাংক থেকেও ঋণ বৃদ্ধি পেয়েছে। গত অর্থবছরের শেষে যেখানে ঋণের পরিমাণ ছিল ৯৮ হাজার ৪২৩ কোটি টাকা, তা বেড়ে বর্তমানে ১ লাখ ২২ হাজার ৭ কোটি টাকায় পৌঁছেছে।

সব মিলিয়ে, ব্যাংক খাত থেকে সরকারের মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ৬৩ হাজার ৬৬৬ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

অর্থনীতিবিদরা মনে করছেন, বৈদেশিক উৎস থেকে পর্যাপ্ত সহায়তা না পাওয়ায় অভ্যন্তরীণ উৎস, বিশেষ করে ব্যাংক খাতের ওপর সরকারের নির্ভরতা বাড়ছে। তবে দীর্ঘমেয়াদে এই প্রবণতা অর্থনীতিতে চাপ সৃষ্টি করতে পারে।

error: Content is protected !!