দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তীব্র গরমের পর অবশেষে স্বস্তির বার্তা দিচ্ছে প্রকৃতি। দেশের আটটি বিভাগেই দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে, যা ভ্যাপসা গরম থেকে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দেবে।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে দেশের আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।
ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
ঝড়ো হাওয়ার কারণে দেশের বিভিন্ন অঞ্চলের নদী অববাহিকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।