হবিগঞ্জে প্রথম আলোর সম্পাদকসহ তিনজনের বিরুদ্ধে মানহানির মামলা

দেশ এডিশন অনলাইন ডেস্ক:
প্রকাশ: ৩ ঘন্টা আগে

হবিগঞ্জে একটি বেসরকারি সংস্থাকে নিয়ে প্রকাশিত প্রতিবেদনকে কেন্দ্র করে দৈনিক প্রথম আলো-এর সম্পাদকসহ তিনজনের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে।

বুধবার হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলাটি করেন স্থানীয় এনজিও পিপলস অ্যাসিস্ট্যান্ট ফর সোশাল অ্যাডভান্সমেন্ট (পাশা)-এর নির্বাহী পরিচালক সৈয়দ হুমায়ুন কবির।

মামলায় আসামি করা হয়েছে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, জ্যেষ্ঠ প্রতিবেদক রিয়াদুল করিম এবং হবিগঞ্জ প্রতিনিধি হাফিজুর রহমান নিয়নকে।

আদালত সূত্রে জানা যায়, চলতি বছরের ফেব্রুয়ারিতে একটি জাতীয় দৈনিকে “এক ব্যক্তিনির্ভর ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার নির্বাচন পর্যবেক্ষক” শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। পরবর্তীতে একই বিষয়ে আরও প্রতিবেদন ও উপসম্পাদকীয় প্রকাশ করা হয়।

বাদীর অভিযোগ, প্রকাশিত সংবাদগুলোতে তাঁর ও প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন হয়েছে এবং এতে আর্থিক ও সামাজিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছেন তিনি। এ ঘটনায় দণ্ডবিধির ৫০০ ও ৫০১ ধারায় মামলা দায়ের করা হয়।

মামলাটি গ্রহণ করে বিচারক জেলা গোয়েন্দা শাখাকে (ডিবি) তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী এমরান আহমেদ বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী সংশ্লিষ্ট সংস্থাকে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

error: Content is protected !!