আনোয়ারায় গৃহবধূর রহস্যজনক মৃ ত্যু ঘিরে চাঞ্চল্য

রুপন দত্ত, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:
প্রকাশ: ৩ ঘন্টা আগে

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় হালিমা আক্তার (মুন্নি) (২১) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ তোলা হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (১০ মে) দিবাগত রাতে উপজেলার বটতলী ইউনিয়নের পশ্চিম বরৈয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হালিমা আক্তার উপজেলার রায়পুর ইউনিয়নের কাঞ্চন মুন্সির বাড়ির মো. ইসহাকের মেয়ে। তাঁর এক বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

পরিবারের দাবি, ঘটনার পর নিহতের স্বামী মোহাম্মদ মিজানুর রহমান ফোন করে হালিমা আত্মহত্যা করেছেন বলে জানিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। পরে পরিবারের সদস্যরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পারিবারিক সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৫ অক্টোবর পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল বলে দাবি পরিবারের। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সমঝোতার উদ্যোগও নেওয়া হয়েছিল।

নিহতের বাবা মো. ইসহাক অভিযোগ করেন, তাঁর মেয়ের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল এবং ঘটনাটি পরিকল্পিত হতে পারে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের দাবি জানান।

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

error: Content is protected !!