ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন তারাকান্দা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার। গত বৃহস্পতিবার (১১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এক বছরের জন্য এ দায়িত্ব দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।
সরকারি প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর ধারা ৮(১) অনুযায়ী মোতাহার হোসেন তালুকদারকে চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এ নিয়োগ লাভ করেন।
যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য তিনি গ্রেড-২ পদমর্যাদায় ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। এর মাধ্যমে তিনিই ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন।
উল্লেখ্য, চলতি বছরের ২০ জানুয়ারি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ‘ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারি করেন। এর ধারাবাহিকতায় কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে এই প্রথম কোনো ব্যক্তিকে নিয়োগ প্রদান করা হলো। এর আগে ময়মনসিংহের সামগ্রিক উন্নয়নে একটি বিশেষায়িত সরকারি প্রতিষ্ঠানের দাবি ছিল দীর্ঘদিনের।
এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনিযুক্ত চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার সরকার প্রধানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা ব্যক্ত করে বলেন, “ময়মনসিংহ নগরীর সকল শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে একটি সুপরিকল্পিত, আধুনিক ও সবার জন্য বাসযোগ্য নগরী গড়ে তোলার লক্ষ্যে আমি আন্তরিকভাবে কাজ করব।” এই নতুন দায়িত্ব পালনে তিনি ময়মনসিংহের সর্বস্তরের নাগরিকদের সহযোগিতা কামনা করেছেন।