যশোরে ৫০০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুর প্রায় দুইটার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই কাজের উদ্বোধন করেন।
২০০৬ সালে বিএনপি নেতৃত্বাধীন সরকার যশোরে মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন দিলেও দীর্ঘদিন হাসপাতাল নির্মাণকাজ স্থবির ছিল। পরবর্তীতে ২০১০-১১ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি শুরু হয় এবং অস্থায়ীভাবে জেনারেল হাসপাতাল ভবনে কার্যক্রম চালানো হয়; ২০১৬ সালে নিজস্ব ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম শুরু হলেও হাসপাতাল নির্মাণ আর এগোয়নি। অবশেষে ২০২৩ সালের ২৯ আগস্ট একনেক সভায় প্রকল্পটি অনুমোদন পায় এবং ২০২৫ সালে ঠিকাদার নিয়োগের মাধ্যমে কাজের গতি আসে। প্রায় ৬৭৬ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য এই ১০ তলা বিশিষ্ট ৫০০ শয্যার হাসপাতাল চালু হলে যশোরসহ আশপাশের প্রায় ৮০ লাখ মানুষ উন্নত চিকিৎসাসেবা পাবে।
একইসঙ্গে শিক্ষার্থীদের ক্লিনিক্যাল ক্লাসের ভোগান্তিও কমবে বলে আশা করা হচ্ছে। এছাড়া উদ্বোধনের আগে শার্শা উপজেলার উলাশী-যদুনাথপুর এলাকায় বেতনা নদীর সঙ্গে সংযুক্ত প্রায় চার কিলোমিটার দীর্ঘ খাল পুনঃখনন কার্যক্রমেরও উদ্বোধন করেন তিনি।