শিক্ষক সমাজের আয়োজনে এমপি সিদ্দিকীর সম্মাননা অনুষ্ঠান

​আনোয়ার হোসেন (আবিদ), মির্জাপুর (টাঙ্গাইল):
প্রকাশ: ৩ ঘন্টা আগে

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসন থেকে টানা তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় জননেতা আবুল কালাম আজাদ সিদ্দিকীকে সংবর্ধনা দিয়েছে মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি।

শুক্রবার (১৭ এপ্রিল) সকালে মির্জাপুরের শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. মো. ফজলুল হক, শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ওছমান গনি, মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবীব এবং মির্জাপুর থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন।

এছাড়া আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার, বাংলাদেশ শিক্ষক সমিতি (টাঙ্গাইল জেলা শাখা) সভাপতি মো. আব্দুল কাদের, মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আবদুর রউফ, পৌর বিএনপির সভাপতি মো. হযরত আলী মিঞা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সালাহউদ্দিন আরিফ এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস.এম. মহসীন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, “শিক্ষকরা জাতি গড়ার কারিগর। আপনাদের এই ভালোবাসা আমাকে শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে আরও বেশি কাজ করতে অনুপ্রাণিত করবে।” তিনি উপজেলার উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

error: Content is protected !!