আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি: বরিশালের র গৈলা ইউনিয়নের ভদ্রপাড়া গ্রামে গভীর রাতে অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে গেছে। এতে আরিফ সরদার, আওয়াল সরদার ও মান্নান সরদারের পরিবার ক্ষতির মুখে পড়ে।
স্থানীয়রা জানান, রাতের আঁধারে হঠাৎ আগুনের সূত্রপাত হয়ে দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে। আগুনের শিখা দেখতে পেয়ে এলাকাবাসী নেভানোর চেষ্টা চালালেও তা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এতে ঘরের আসবাবপত্র, নগদ অর্থসহ প্রয়োজনীয় মালামাল নষ্ট হয়। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
খবর পেয়ে এর গৌরনদী ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে দমকল বাহিনী পৌঁছানোর আগেই তিনটি ঘর সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়।
অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলো অস্থায়ীভাবে খোলা স্থানে অবস্থান করছে। এ ঘটনায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিকের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের মাঝে তাৎক্ষণিক নগদ সহায়তা প্রদান করেন।
সহায়তা বিতরণের সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় মন্ত্রী জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে। পাশাপাশি খাদ্য ও বস্ত্র সহায়তার ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য তিনি সবার কাছে দোয়া কামনা করেন।