সিংড়ায় কর্মরত বিভিন্ন সাংবাদিক সংগঠনের অংশগ্রহণে শিক্ষা সফর ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। ভ্রমণের মধ্য দিয়ে সাংবাদিকদের মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও পেশাগত সহযোগিতার বার্তা তুলে ধরা হয়।
সিংড়া সাংবাদিক কল্যাণ ফোরামের আয়োজনে গত ১৬ মে দিনব্যাপী এ ভ্রমণে অংশ নেন সিংড়া প্রেসক্লাব, সিংড়া মডেল প্রেসক্লাব, সিংড়া স্মার্ট প্রেসক্লাব এবং চলনবিল সাংবাদিক ইউনিয়নের প্রবীণ ও নবীন সাংবাদিকরা।
ভ্রমণসূচিতে শিলাইদহ রবীন্দ্রনাথ কুঠিবাড়ি, লালন শাহ মাজার, লালন শাহ সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, হার্ডিঞ্জ ব্রিজ, মনি পার্ক ও স্বপ্নদ্বীপ রিসোর্ট পরিদর্শন করা হয়।
দিনব্যাপী সফরের শেষ পর্যায়ে স্বপ্নদ্বীপ রিসোর্টে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানা।
আলোচনা সভায় বক্তব্য দেন সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি এস এম রাজু আহম্মেদ, সিংড়া স্মার্ট প্রেসক্লাবের সভাপতি খলিল মাহমুদ, চলনবিল সাংবাদিক ইউনিয়নের সভাপতি আনোয়ার হোসেন আলীরাজ, সিংড়া মডেল প্রেসক্লাবের সম্পাদক জুলহাস কায়েম, সিংড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সিদ্দিক ও সিংড়া স্মার্ট প্রেসক্লাবের সম্পাদক মুকুল হোসেনসহ সিনিয়র সাংবাদিকরা।
বক্তারা বলেন, পারস্পরিক ঐক্য, সংহতি ও সহযোগিতার মাধ্যমে সাংবাদিকদের আরও দক্ষ ও দায়িত্বশীল হয়ে সমাজের বিভিন্ন অসঙ্গতি ও অনিয়ম তুলে ধরতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে সংগঠনগুলোর মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।