খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের এক নারী তার স্বামীসহ কয়েকজনের বিরুদ্ধে গোপনে বিয়ে, যৌতুক দাবি, প্রতারণা ও মানব পাচারের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ১১টার দিকে কয়রা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ওই নারী।
লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, তার স্বামীর সঙ্গে তার বৈবাহিক সম্পর্ক বিদ্যমান থাকা সত্ত্বেও স্বামী বিদেশে অবস্থানকালে এবং দেশে এসে অন্য নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। পরবর্তীতে পরিবারের সদস্যদের সহায়তায় তাকে না জানিয়ে অনলাইনে দ্বিতীয় বিয়ে করা হয় বলে অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে ওই নারী আরও বলেন, কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কয়রাতে একটি মামলা করি যাহার নম্বর সিআর-১৮০/২৬।
তিনি আরও অভিযোগ করেন, তার স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা তার কাছে যৌতুক হিসেবে ৫ লাখ টাকা দাবি করেন। এ ঘটনায় তিনি কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছেন বলেও জানান।
সংবাদ সম্মেলনে ওই নারী বলেন, তার পরিবারের পক্ষ থেকে বিভিন্ন সময়ে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ তার স্বামীকে দেওয়া হলেও তা ফেরত দেওয়া হয়নি। এছাড়া, তার স্বামী ও সংশ্লিষ্ট কয়েকজনের বিরুদ্ধে বিদেশে নেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ ও মানব পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগও তোলেন তিনি।
ভুক্তভোগীর দাবি, এসব ঘটনার ফলে তিনি তার দুই সন্তানসহ বর্তমানে অসহায় অবস্থায় রয়েছেন এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
তবে, অভিযুক্ত ব্যক্তিদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
(সংবাদটি ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে।)