নোয়াখালীর সোনাইমুড়ীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হুমকি দেওয়ার অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে উপজেলার বাইপাস চত্বরে স্থানীয় সাংবাদিকদের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। বক্তারা বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তারা।
বক্তারা দাবি করেন, সাংবাদিকদের ওপর চাপ, ভয়ভীতি ও হয়রানির ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। তারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের পরিবেশ সুরক্ষায় প্রশাসনের কার্যকর ভূমিকার আহ্বান জানান তারা।
আলোচনায় অংশ নেওয়া সাংবাদিকরা আরও বলেন, বিভিন্ন অপরাধ ও অনিয়মের তথ্য প্রকাশের কারণে অনেক সময় গণমাধ্যমকর্মীরা ঝুঁকির মুখে পড়েন। এসব ঘটনায় দ্রুত তদন্ত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
জানা যায়, সম্প্রতি একটি আলোচিত হত্যাকাণ্ড সংক্রান্ত সংবাদ প্রকাশের পর সাংবাদিক গুলজার হানিফকে মোবাইল ফোনে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় তিনি সোনাইমুড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এ বিষয়ে তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, অভিযোগের বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্তে কাজ চলছে।